জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ”ইন্ডিয়া’জ মোচ-অ্যাওয়েটেড পিলগ্রিমেজ”, ”ইন্ডিয়া’জ মোস্ট রেভার্ড হিন্দু পিলগ্রিমেজ”, ‘ওয়ান্স-ইন-আ-লাইফটাইম স্পিরিচ্যুয়াল এক্সপিরিয়েন্স’! অমরনাথ যাত্রা (Amarnath Yatra)-র কথা বলা হচ্ছে। কদিন আগেই শুরু হল সেই ‘ভেরি ভেরি স্পেশাল’ ও বহু প্রতীক্ষিত তীর্থযাত্রা। এপথে আবহাওয়ার প্রতিবন্ধকতা থাকে, বিপদ থাকে। তবুও মানুষ ছুটে যান বরফশিব তথা বরফানি বাবার (Barfani Baba) কাছে। বরফ জমে কী আশ্চর্য ভাবে এই শিবলিঙ্গ তৈরি হয়! এ এক রহস্য়। ভূগোল-বিজ্ঞান হার মেনে যায় এখানে। বাবা অমরনাথের মহিমা চাক্ষুস করতে প্রতিবছর হাজার হাজার মানুষ ছুটে যান এখানে।
৩৮ দিনের যাত্রা
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা এ বছরের অমরনাথযাত্রীর প্রথম ব্যাচটিকে ফ্ল্যাগ-অফ করেছিলেন! মোট ৩৮ দিন ধরে এই যাত্রা চলবে। ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথ গুহা। অনন্তনাগ জেলায় এই ৪৮ কিমি দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুটটিতেই ভক্তেরা যান। তবে গান্ডেরবাল জেলার বালতাল রুটটি মাত্র ১৪ কিমি। তবে এটা একটু খাড়াই। যাত্রা চলবে ৯ অগস্ট। কিন্তু এহেন তীর্থযাত্রা সংকটে পড়ল।
কী হয়েছে?
এক যাত্রী মারা গিয়েছেন। বালতাল ও পহেলগাঁও দুটি রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আজ, বৃহস্পতিবার জম্মুর যাত্রীনিবাস থেকে কোনও দলই অমরনাথ গুহার দিকে যাত্রা করেনি। আবহাওয়া ভালো না হলে যাত্রা শুরু হবে না। এর আগে ১৫টি দল অত্যন্ত সুষ্ঠু ভাবে তীর্থযাত্রা করেছেন এবং দর্শন করে ফিরেও এসেছেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে পহেলগাঁও বালতাল দুটি রুট থেকেই।
‘জেড’-টার্নে দুর্ঘটনা
এবার এখনও পর্যন্ত অমরনাথযাত্রায় একটিই দুঃখজনক ঘটনা ঘটেছে। বুধবার, ১৬ জুলাই সন্ধেবেলায় বালতাল রুটে ধসের কবলে পড়ে এক মহিলা তীর্থথাত্রী মারা যান। আবহাওয়া প্রচণ্ড খারাপ। ভয়ংকর বৃষ্টিপাত। ফলে, প্রচুর ধস হচ্ছে। রেলপাথরির জেড টার্নে-ও প্রচুর ধস নামে। বালতাল রুটের রেলপাথরি নামক জায়গায় একটি জেড টার্ন (Z turn) আছে। সেখানেই রাজস্থানের বাসিন্দা বছরপঞ্চান্নের সোনা বাই ধসের কবলে পড়েন। অন্তত পক্ষে ৯ জন আহত হয়েছেন। সোনা বাই প্রথমে তীব্র ভাবে আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। একজন নিখোঁজ আছেন। তল্লাশি চলছে। বালতাল বেস ক্যাম্পে যে অস্থানী হাসপাতাল সেখানে আহতদের ভর্তি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

