জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন করে ফের অশান্তি মণিপুরে! সেই অশান্তির ভারতের উত্তর-পূর্বে। উত্তর-পূর্বের এই রাজ্যের পাঁচ জেলায় আপাতত ৫দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাঁচ জেলায় সম্পূর্ণ বন্ধ থাকবে ভিস্যাট ও ভিপিএন পরিষেবাও। সূত্রের খবর, মেইতেই নেতা আরমবাই টেঙ্গলকে গ্রেফতার করার পর থেকেই উত্তেজনা ছড়ায় মণিপুরে।
বিক্ষোভ
গতকাল, শনিবার সন্ধের পর থেকেই মণিপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মেইতেই সম্প্রদায়ের মানুষজন। কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে বলেও জানা গিয়েছে। গতরাত থেকেই মণিপুরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন মেইতেই সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিস ও নিরাপত্তা বাহিনীও। রবিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এসেছে।
জেলায়-জেলায়
কোন কোন জেলায় এই অশান্তি? এই কড়াকড়ি? জেলাগুলি হল- ইম্ফল পশ্চিম ও পূর্ব, থৌবল, বিষ্ণুপুর ও কাকচিং। গতকাল, শনিবার মাঝরাত থেকে এই সব জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।প্রশাসনের তরফে সতর্ক করে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অশান্তির খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে কিছু দুষ্কৃতী। তাতে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে।
জারি নিষেধাজ্ঞা
ওই পাঁচজেলায় শুধু ইন্টারনেটই বন্ধ করেনি প্রশাসন, আরোপ করেছে বেশ কিছু বিধিনিষেধও। ইম্ফল পশ্চিম ও পূর্ব, থৌবল ও কাকচিংয়ে যেকোনও জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাতে লাঠি, ধারাল অস্ত্র দেখলেই গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করা হয়েছে। রাজভবনগামী সমস্ত রাস্তায় চলছে নাকা চেকিং। সেই দুঃসহ অশান্তির পরে মণিপুরে আপাতত রাষ্ট্রপতি শাসনই জারি। কিন্তু এর পরেও এই পরিস্থিতি তৈরি হওয়ায় কটাক্ষ করছেন বিরোধীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

