জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনিয়র অফিসার অফিসের পিওনের কাছে এক বোতল জল চেয়েছিলেন খাওয়ার জন্য। সেই পিওন তাঁকে এক বোতল জলের পরিবর্তে এক বোতল মূত্র হাতে ধরিয়ে দেন। বুঝতে না পেরে ওই অফিসার সেই এক বোতল মূত্র-ই পান করেন। আর তারপরই ভীষণরকম অসুস্থ হয়ে পড়েন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। অভিযুক্ত পিওনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস।
ধৃতের নাম শিবা নারায়ণ নায়ক। তিনি গ্রামীণ জল সরবরাহ ও স্যানিটেশন বিভাগে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে ২৩ জুলাই রাতে। পিওন শিবা নারায়ণ নায়ক ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শচীন গৌড় উদয়গিরিতে আরডব্লিউএসএস অফিসে কাজ করছিলেন। সেইসময় গৌড় নায়কের কাছে খাওয়ার জন্য একটা জলের বোতল চান। অভিযোগ, নায়ক তাকে জলের বদলে এক বোতল মূত্র হাতে ধরিয়ে দেন। কাজে ব্যস্ত থাকা গৌড় সেটাই জলে ভেবে খেয়েও নেন।
এর কিছুক্ষণ পর থেকেই গৌড় অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর ওই তরলের প্রকৃতি নিয়ে সন্দেহ হয়। এরপর শচীন গৌড়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে, তাঁকে চিকিৎসার জন্য বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ওদিকে ওই তরলের নমুনা পরীক্ষায় দেখা যায়, তার মধ্যে অ্যামোনিয়ার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি। যা কোনও দূষিত তরলকে বোঝায়।
এরপরই সুস্থ হয়ে উঠে শচীন গৌড় পুলিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিবা নারায়ণ নায়কে পুলিস জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জেরার মুখে নিজের অপরাধ কবুল করেন শিবা। কী কারণে কেন শিবা নারায়ণ নায়ক একাজ করেছেন, তাঁর উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

