জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে যখন উত্তরপ্রদেশে স্বামী বউকে তাঁর প্রেমিকের সঙ্গে খুশি মনে যেতে দিচ্ছেন, আরেকদিকে তখন সেই উত্তরপ্রদেশেই দাহের আগে মৃত বাগদত্তাকেই বিয়ে করছেন হবু স্বামী! বিয়ে করার পাশাপাশি স্বামী হিসেবে ‘তেরাহভিন’ও ধারণ করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।
২৯ বছরের সানি মাধেসিয়ার বাগদত্তা ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু মতবিরোধের কারণে আত্মঘাতী হন প্রিয়াঙ্কা। বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর তারপরই মৃত বাগদত্তার শেষকৃত্যের আগে তাঁর সঙ্গে একটি প্রতীকী বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন হবু স্বামী সানি মাধেসিয়া। স্থানীয় একজন পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন। সানি সিঁদুর পরিয়ে দেন তাঁর মৃত বাগদত্তাকেই। তারপর বাগদত্তার মৃতদেহের চারপাশে সাতপাকও ঘোরেন। সাতপাক ঘুরে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন। বিয়ে উপলক্ষে হোমও হয়।
বিয়ের অনুষ্ঠানের পরে সানি বলেন, “আমার কাছে এটাই ছিল তাঁর শেষ ইচ্ছাপূরণের একমাত্র উপায়। আমি তাকে খুব ভালোবাসতাম। আমাদের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। আমি তাঁর মৃত্যুর পরেও তাই আমাদের বিয়ের স্বপ্নকে সম্মান জানাতে চেয়েছিলাম।” বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর স্বামী হিসেবে সানি-ই মৃত ‘স্ত্রী’ প্রিয়াঙ্কার দাহকাজ পরিচালনা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

